পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা এমন কিছু মানুষের দেখা পাই, যারা নিজেদের কাজের মাধ্যমে পুরো বিশ্বের চিত্র একেবারে বদলে দিয়েছিলেন।
অ্যান্ড্রু কার্নেগি, জন ডি. রকফেলার কিংবা জে. পি. মরগানের মতো জগদ্বিখ্যাত শিল্পপতিরা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাদের ঐকান্তিক প্রচেষ্টার হাত ধরেই মূলত আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। শুধু তাই নয়, আধুনিক শিল্পের ভিত্তিও তাদের হাতে গড়া।
তাদের প্রত্যেকের ঘটনাবহুল জীবনী ঘাটলে খুব অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ে। এই মানুষগুলোর প্রতিদিনের কাজের ধরন, ব্যবসার কৌশল এবং সাফল্যের পেছনের মূলনীতিগুলো প্রায় হুবহু একরকম ছিল।
আজ আমরা সেই গোপন সূত্রগুলো নিয়েই আড্ডা দেব। এই সূত্রগুলোই সেই অসাধারণ মানুষগুলোকে কিংবদন্তিতে পরিণত করেছিল। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
ব্যবসার দুনিয়ায় তারা যে প্রথম নীতিটি মেনে চলতেন, তা হলো গতির ব্যবহার।
তারা মনে করতেন ব্যবসার কৌশল আসলে অনেকটা যুদ্ধের ময়দানের মতোই। রকফেলার কিংবা কার্নেগি প্রত্যেকেই নেপোলিয়নের মতো মহান যোদ্ধাদের রণকৌশল গভীরভাবে অধ্যয়ন করতেন। আর সেই যুদ্ধের গতি ও ক্ষিপ্রতা তারা নিজেদের ব্যবসায় প্রয়োগ করতেন।
তবে এই গতির মানে কিন্তু না বুঝে তাড়াহুড়ো করে কাজ করা নয়। আসল গতি লুকিয়ে থাকে নিখুঁত প্রস্তুতির মধ্যে।
রকফেলার যখন ব্যবসা করতেন, তখন তিনি দাবা খেলার মতো প্রতিটি চাল নিয়ে গভীরভাবে ভাবতেন। এরপর যখনই সঠিক সময় আসতো, তিনি এমন দ্রুতগতিতে আক্রমণ করতেন যে প্রতিপক্ষ সামলে ওঠার আগেই ছিটকে পড়তো। তাড়াহুড়োর কোনো স্থান তাদের ডিকশনারিতে ছিল না। সঠিক সুযোগের অপেক্ষায় তারা দিনের পর দিন প্রহর গুনতেন।
এই মানুষগুলোর দ্বিতীয় সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নিজেদের ব্যবসার পেছনে পাগলের মতো পুনরায় বিনিয়োগ করা।
তারা যেকোনো মূল্যে আত্মতুষ্টিকে এড়িয়ে চলতেন। হেনরি ফোর্ড মনে করতেন, কোনো ব্যবসায়ী যখন ভাবে যে সে সফল হয়ে গেছে, তখনই আসলে তার পতন শুরু হয়। তাই তিনি লাভের পুরো টাকাটাই নতুন প্রযুক্তির পেছনে ঢেলে দিতেন।
রকফেলারও ঠিক একই কাজ করতেন। তিনি যখনই কোনো প্রতিযোগীর দুর্বলতা দেখতেন, ধারদেনা করে হলেও সেই কোম্পানিকে কিনে নিতেন। নিজের ব্যবসা বড় করার ক্ষেত্রে তাদের কোনো ক্লান্তি ছিল না।
লাভজনক ব্যবসার তৃতীয় একটি অসাধারণ দিক হলো খরচ কমানোর প্রতি চরম উন্মাদনা। তারা ব্যবসার প্রতিটি ছোটখাটো হিসাব নিজের নখদর্পণে রাখতেন।
রকফেলার একবার তার কারখানায় খেয়াল করেন যে তেলের ব্যারেলের মুখে কয়েকটা লোহার রিং কমালেও কোনো সমস্যা হয় না। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন রিংয়ের সংখ্যা কমিয়ে ফেলার।
এই একটা সিদ্ধান্তের কারণে তার কোম্পানি কোটি কোটি টাকা বাঁচাতে সক্ষম হয়েছিল। তারা জানতেন, অযথা খরচ বাঁচিয়ে নতুন কোনো প্রযুক্তিতে কাজে লাগানো সম্ভব। আজকের দিনের অনেক ব্যবসার চেয়ে তাদের এই চিন্তা অনেক বেশি আধুনিক ছিল।
আধুনিক যুগে অনেক নতুন উদ্যোক্তা বিশাল ফান্ডিং পেয়ে সেটা অপ্রয়োজনীয় কাজে উড়িয়ে দেন। কিন্তু কার্নেগির মতো মানুষরা এক পয়সাও এমন কোনো খাতে খরচ করতেন না, যা ব্যবসার কাজে আসবে না।
অভাবনীয় সাফল্যের পেছনে চতুর্থ যে কারণটি কাজ করেছিল, তা হলো নিজেদের ভেতরেই তীব্র প্রতিযোগিতা তৈরি করা।
রকফেলার তার কোম্পানির বিভিন্ন ম্যানেজারের মধ্যে রীতিমতো একটা যুদ্ধ লাগিয়ে রাখতেন। এক কারখানার উৎপাদন খরচ কমে গেলে, অন্য ম্যানেজারদের সেখানে পাঠানো হতো গোপন কৌশল শেখার জন্য। এতে করে সবাই সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতে থাকতো।
পঞ্চম নীতিটি হলো যেকোনো একটি নির্দিষ্ট খাতে পুরোপুরি মনোযোগ দেওয়া। তারা কখনো একসাথে অনেকগুলো ব্যবসায় হাত দিয়ে নিজেদের মনোযোগ নষ্ট করতেন না।
কার্নেগি বলতেন, নিজের সব ডিম একটি মাত্র ঝুড়িতে রাখা উচিত এবং তারপর সেই ঝুড়িটার দিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত।
রকফেলার শুধু তেলের ব্যবসায় ফোকাস করেছিলেন, আর কার্নেগি ইস্পাত শিল্পে। নিজেদের নির্দিষ্ট বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করার পরেই কেবল তারা অন্য দিকে সম্প্রসারণের কথা ভাবতেন।
এর পরের যে কৌশলটি তাদের সবার মধ্যে দেখা যেত, তাকে বলা যায় সাপ্লাই চেইনের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া। সাধারণ ভাষায় যাকে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলে। এই প্রক্রিয়ায় তারা কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে পণ্য ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো ধাপটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতেন।
রকফেলার শুধু তেল পরিশোধন করেই থেমে থাকেননি। তেল তোলা, পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা এবং সবশেষে বিক্রি করা, সবকিছুই তিনি নিজের কোম্পানির অধীনে নিয়ে এসেছিলেন।
এর ফলে তারা কখনো অন্য কোনো সরবরাহকারীর ওপর নির্ভরশীল হতেন না। বর্তমানে ইলন মাস্কও তার টেসলা কোম্পানিতে ঠিক একই কৌশল অনুসরণ করেন।
শেষ যে ব্যাপারটি এই মহান শিল্পপতিদের আলাদা করে তুলেছিল, তা হলো প্রথম সুযোগটা লুফে নেওয়ার সাহস। তারা ঠিক তখনই সবচেয়ে বড় ঝুঁকিটা নিতেন, যখন বাজারের অন্য সবাই ভয়ে গুটিয়ে থাকতো।
যেমন, ১৮৭৩ সালের চরম অর্থনৈতিক মন্দার সময় এই মানুষগুলোই সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। কার্নেগি সেই মন্দার সময়েই তার স্টিলের ব্যবসাকে বিশাল আকারে সম্প্রসারণ করেছিলেন। রকফেলারও একই সময়ে নিজের সাম্রাজ্যকে আরও শক্তিশালী করার সুযোগ পেয়েছিলেন।
ওয়ারেন বাফেট যেমন বলেন, যখন সবাই লোভী হয় তখন তুমি ভয় পাও, আর যখন সবাই ভয় পায় তখন তুমি লোভী হও।
তারা জানতেন যে, বিপদের সময়েই আসলে সবচেয়ে বড় সুযোগগুলো লুকিয়ে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম পদক্ষেপ নিতে পারলেই পুরো বাজার হাতের মুঠোয় চলে আসে। ব্যবসা কেবল একটি কাজ নয়, এটি আসলে একধরনের মনস্তাত্ত্বিক খেলা। যারা এই খেলায় নিজেদের আবেগ দূরে সরিয়ে সঠিক সময়ে সঠিক চালটি দিতে পারে, তারাই জয়ী হয়।
গতি, অবিরাম বিনিয়োগ, খরচের হিসাব, প্রতিযোগিতা, একাগ্রতা, পূর্ণ নিয়ন্ত্রণ এবং সাহসিকতা, এই গুণগুলোই তাদের অমর করে রেখেছে।
আপনি যদি ভবিষ্যতে বড় কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবেন, তবে এই পুরনো নীতিগুলো আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। হয়তো আপনার ব্যবসাও একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।
© Touhidul Islam
No comments:
Post a Comment